ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ক্যান্সারের নকল ওষুধ বাজারজাত, ৩ জনকে সাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ২৩ এপ্রিল ২০১৯
ক্যান্সারের নকল ওষুধ বাজারজাত, ৩ জনকে সাজা
ছবি- ডেইলি বাংলাদেশ

রাজধানীর পশ্চিম নাখাল পাড়ায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্যান্সারের নকল ওষুধ সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে। তাদের হলো- মো. আনিছুর রহমান (৩২), মো. দেলোয়ার হোসেন ওরফে নবেল (৩৫) ও মো. জুলফিকার হায়দার (৩৬)।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করে র‌্যাব-৩ এর একটি দল ও বিএসটিআইয়ের বিশেষজ্ঞরা।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফজলুল ইসলাম এ তথ্য জানান।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘ওসিসেন্ট-৮০’ এর মোড়কে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানায়, পাশের দেশ ভারত থেকে ক্যান্সারের নিম্নমানের ওষুধ এনে দেশের নামি-দামি কোম্পানীর বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের মোড়কে বাজারজাত করে আসছিল তারা। ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ‘ওসিসেন্ট’ ব্র্যান্ডের ১ বক্স ওষুধের মূল্য ১৫ হাজার টাকা। কিন্তু প্রতারক চক্র ভারত থেকে আনা নিম্নমানের ভেজাল ওষুধ মাত্র ৭ সাত হাজার ৫শ’ টাকায় অসাধু বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

জিজ্ঞাসাবাদে আটক আনিছুর রহমান স্বীকার করেছে, সে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার হওয়ার সুবাদে দুই সহযোগীর মাধ্যমে ওইসব ওষুধ বাজারে বিক্রি করে আসছে।

আদালত এসব অপরাধে ও আটক তিন জনের দোষ স্বীকারের পর আনিসুর রহমানকে ২ বছর, তার সহযোগী নোবেলকে ২ বছর ও জুলফিকার হায়দারকে ১ বছরের কারাদণ্ড দেন। এছাড়া, প্রত্যেককে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!