ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধুনিক যুগে এসেও মধ্যযুগীয় বর্বরতার শিকার নবজাতক কন্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৭ জুন ২০২১
আধুনিক যুগে এসেও মধ্যযুগীয় বর্বরতার শিকার নবজাতক কন্যা
ফাইল ছবি

কন্যাসন্তান জন্ম হওয়ায় ক্ষোভে নবজাতককে কাপড়ে মুড়িয়ে ফেলে রাখা হয়। এতে করে অযত্নে অবহেলায় মারা যায় সদ্য জন্ম নেয়া শিশু। আধুনিক যুগে এসেও মধ্যযুগীয় এমন এক বর্বরতার শিকার পাবনার চাটমোহর উপজেলার এক নবজাতক। এমন খবর প্রকাশ্যে আসায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধুপুলিয়া গ্রামের কদরুল ইসলাম ও ঝর্ণা খাতুন দম্পতির ছোট ছোট দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি ঝর্ণা আবারো গর্ভবতী হন এবং শনিবার রাতে নিজ ঘরে একটি কন্যাসন্তান জন্ম দেন। বিষয়টি তিনি এবং তার স্বামী পরিবারের অন্য সদস্যদের কাছে গোপন করেন। পরে তারা স্বামী-স্ত্রী মিলে কাউকে কিছু না জানিয়ে রাতেই গোপনে নবজাতককে ঘরের একটি নির্জন স্থানে কাপড় দিয়ে মুড়িয়ে ফেলে রাখেন।

পরদিন সকালে গৃহবধূ ঝর্ণার প্রসবজনিত কারণে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা সন্তান প্রসবের বিষয়টি জিজ্ঞেস করে। পরে তারা একবার জানান মৃত বাচ্চা হওয়ায় রাতেই মাটি চাপা দিয়েছে, আবার বলে ছেলে সন্তান হয়েছে কাউকে দেখতে হবে না। তখন বিষয়টি পরিবারের সদস্যদের ও পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয়।

Advertisement

পরবর্তীতে বিকেলে সবাই তাদের ঘটনার বিষয়ে চাপ দেয়। এরপর স্বামী-স্ত্রী ঘটনাটি খুলে বললে পরিবারের সদস্যরা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার সকালে মারা যায় নবজাতক শিশু।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এমন একটি ঘটনা আমরা জানতে পেরেছি। ঘটনাটি এখনো আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওসি সাহেব ঘটনাস্থল থেকে আসলে বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!