মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত এ রিমান্ড দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা।
তিনি বলেন, কারাবন্দি ওয়াসিম ও আনোয়ারের সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল আদালতে। শুনানি শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আমরা সুবিধামতো সময়ে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবো।
.png)
এর আগে, একইদিন সকালে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দীনের ভার্চুয়াল আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন জানানো হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার নিজেই। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।
এরপরই ঘুরতে থাকে মামলার গতিপ্রকৃতি। পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক। ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম কালু, সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ও শাহজাহান মিয়া। এদের মধ্যে ওয়াসিম, আনোয়ার, শাহজাহান ও শাকু কারাগারে রয়েছেন।