ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে লরির ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে। তবে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হলেও চট্টগ্রামমুখী লাইনে এখনো কাজ চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরালে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে, রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: ট্রেনের সঙ্গে লরির ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
.png)
জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে একটি লরি বিকল হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশিথা ট্রেনের সঙ্গে ওই লরির ধাক্কা লাগে। এতে কেউ হতাহত না হলেও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরালে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে একটি লরির ধাক্কা লাগে। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে দুর্ঘটনাকবলিত লরিটি লাইন থেকে সরিয়ে ফেললে ঢাকামুখী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।