চলন্ত বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার সদর উপজেলায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে ৩০ বছর বয়সী শফিকুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই সোহেল রানা জানান, শফিকুল ও তার ভাই আমিনুর ইটভাটা শ্রমিক। তারা ২০-২৫ জন শ্রমিক নীলফামারীর ডিমলা উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে বগুড়া ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন শফিকুল। এতে মাথায় তিনি গুরুতর আঘাত পান। পরে তার ভাইসহ বাসে থাকা অন্য শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন: কিশোরীকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হলো লাশ
তিনি আরও জানান, শফিকুলের স্বজনরা বলেছেন তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় ৬৫ বছর বয়সী লুৎফর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন। গত ২৭ ডিসেম্বর দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। লুৎফর পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ তথ্য নিশ্চিত করে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম।