নিখোঁজের ৫ দিন পর নদীর পাড়ে মিলল গলাকাটা লাশ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে নিখোঁজ ৫ দিন পর এক মিশুকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁয়ের কাইকারটেক এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজীব হোসেন বন্দরের মদনগঞ্জের লক্ষারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা মতে, দুর্বৃত্তরা রাজীবকে হত্যা করে তার মিশুকটি ছিনতাই করে নিয়ে গেছে।
.png)
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রাজীব হোসেন পেশায় মিশুকচালক। গত ২৬ ডিসেম্বর ৫-৬ যুবক তার মিশুক ভাড়া নেয়। এরপর থেকে রাজীব মিশুকটিসহ নিখোঁজ ছিল।
শুক্রবার সকালে মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক গ্রামের কাফুরদি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এর আগে গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে সিংলাবো এলাকার সড়কের পাশে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এছাড়া গত ২৩ নভেম্বর সোনারগাঁও উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গলা পায়ের রগ কেটে এক যুবককে হত্যা করে। ঐ যুবকের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম আশরাফুল আলম শাকিল। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।
ওসি জানান, উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের বাড়ির চিলেকোঠার বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় ঐ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।