ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ত্রাসী আনোয়ার হত্যা: ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৩ জানুয়ারি ২০২২
সন্ত্রাসী আনোয়ার হত্যা: ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন
আদালতে আসামিরা

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর প্রধান আনোয়ার হোসেন হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য মো. ইসমাইলসহ সাতজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় আরো ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

দণ্ডিতরা হলেন- দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইসমাইল ও তার বাবা সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ভাই মো. সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম হোসেন, মো. মানিক এবং আবুল কাশেম। এর মধ্যে কাশেম ও ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

নিহত আনোয়ার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনী প্রধান প্রয়াত নূর হোসেন শামিমের ভাই।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, ২০১১ সালের ৪ জুন রাতে দত্তপাড়া বাজারে যান আনোয়ার। এ সময় তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে আসামিরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় পরদিন ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তার ভাই আশেক ই এলাহি বাবুল।

মামলাটি সিআইডি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১০ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!