চট্টগ্রামে স্পিরিটের আগুনে দগ্ধ শিশুসহ ২ জন
চট্টগ্রামের রাউজানে স্পিরিটে আগুন ধরে শিশুসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের আট নম্বর ওয়ার্ডের গণি হাজীর বাড়ি সংলগ্ন মা ফার্নিচার মার্ট নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- একই ওয়ার্ডের শাহীন ভিলায় ভাড়ায় থাকা ময়মনসিংহের বাসিন্দা কামাল হোসেনের সাত বছরের ছেলে জিফাত ও উপজেলার ডাবুডয়া ইউপিরর দক্ষিণ হিংগলা এলাকার আমীর হোসেনের ছেলে জাহাঙ্গীর। এর মধ্যে জাহাঙ্গীর দোকানটিতে রঙ মিস্ত্রির কাজ করতেন।
রাউজান থানার এসআই মো. নাহিদ বলেন, কেমিক্যাল ব্যবহার করে ফার্নিচার তৈরির সময় স্পিরিটে আগুন ধরে দগ্ধ হন দুজন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
.png)
আরো পড়ুন >>> গর্তে আগুন দিলেই জ্বলছে
এর আগে, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় বিজয় দিবসের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের সচিব রিফাত উদ্দিন। ওই সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।
নিহত রিফাত সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
আরো পড়ুন >>> ৫৯ বছর বয়সে এসএসসি পাস
এর আগেও ১ নভেম্বর নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভিলা নামে একটি ভবনের ছয়তলার ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হন একই পরিবারের ছয়জন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর দিন সন্ধ্যায় একজনের মৃত্যু হয়।
২০২০ সালের ৮ নভেম্বর ওই ভবনটির একই ফ্ল্যাটে আরো একবার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় দগ্ধ হন নয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়।