দুবার আত্মহত্যার ব্যর্থ চেষ্টা, শেষবার চার খণ্ড কিশোর
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজির হোসেন নামে ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছেন। এতে তার শরীর চার খণ্ড হয়ে যায়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুবরেগাড়ি লাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নাজির। পরে আশপাশের লোকজনের সহায়তায় লাশের চারটি খণ্ড বস্তায় ভরে বাড়িতে নেন স্বজনরা।
.png)
স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক বলেন, মানসিক ভারসাম্যহীন ছিলেন নাজির। চিকিৎসাও চলছিল। মঙ্গলবার সকালে মাঠে যাওয়ার পথে রেললাইন পার হচ্ছিল। এ সময় অসাবধানতায় ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার শরীর চার খণ্ড হয়ে যায়। পরে স্থানীয়রা বস্তায় করে বাড়িতে নেয়। তার পরিবারের কারোর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে কি না সেটা আমার জানা নেই।
শাহাপুর ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক জমির হোসেন বলেন, নাজির এর আগেও দুবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। দুদিন আগে মায়ের সঙ্গে রাগারাগির কারণে বাড়ি থেকে বের হন নাজির। সেই অভিযানে কুবরেগাড়ির মাঠ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।