ট্রাককে সাইড দিতে গিয়ে ঝরলো দুই বন্ধুর প্রাণ
বগুড়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের পুটু আকন্দের ছেলে ১৮ বছর বয়সী সোহানুর রহমান সোহান ও মোকামতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ২১ বছর বয়সী সাব্বির।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার এসআই ওসমান গণি। তিনি জানান, সোহান, সাব্বির ও রাফি তিন বন্ধু মোটরসাইকেল যোগে ঘোরাফেরা করছিলেন। তারা বগুড়া সদরের পীরগাছা এলাকায় পৌঁছালে সেখানে বালুবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। এ সময় রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
.png)
আরো পড়ুন: হত্যাকাণ্ডের জেরে বাড়িঘরে তাণ্ডব চালালো প্রতিপক্ষ
এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। অন্য দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন স্থানীয়রা। তাদের মধ্যে সাব্বির আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। শজিমেকে কিছুক্ষণ চিকিৎসা গ্রহণ করার পর সাব্বিরও মারা যান। আর এ দুর্ঘটনায় রাফি সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, সোহান ও সাব্বিরের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন।