জামিনে বেরিয়ে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন জুলহাস
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত হতে জামিনে আসার পর প্রকাশ্যে খুন হয়েছেন জুলহাস নামে এক যুবক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মজিবুর রহমান নামে একজনকে পুলিশ আটক করা হয়েছে।
নিহত জুলহাস জয়মন্টপ ইউপির ফকির পাড়া গ্রামের মৃত মো. নওয়াব আলীর ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর জুলহাস ও বেপারী পাড়া গ্রামের মজিবুরের ছেলে দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করেন। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় জুলহাস বুধবার (১২ জানুয়ারি) জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮/১০ জনের সশস্ত্র গ্রুপ তাকে কুপিয়ে আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: শরীয়তপুরের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জুলহাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বাটি গ্রামের মো. শহিদুল ইসলাম খোকনকেও পিটিয়ে মারাত্মক আহত করেন। এরপর তারা ভাকুম ব্যাঙ্গা মার্কেটে জুলহাসের আত্মীয় আলমগীরের ওপর হামলা চালিয়ে তাকেও আহত করেন।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।