বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার দাশ জানান, তিনটি মামলায় রোহিঙ্গা সন্ত্রাসী শাহ আলীর সাতদিন করে মোট ২১ দিনের রিমান্ড চায় পুলিশ। কিন্তু ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
.png)
শাহ আলী রোহিঙ্গা সন্ত্রাসী আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই। তিনি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার জয়নব কলোনির ঠিকানায় ‘বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র’ সংগ্রহ করেছেন। যা মামলার এজাহারে উল্লেখ করেছে পুলিশ।
১৬ জানুয়ারি ভোরে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ-সংলগ্ন এলাকা থেকে অস্ত্র-মাদকসহ শাহ আলীকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় অপহৃত এক যুবককে উদ্ধার করেন।
এ ঘটনায় ঐদিন রাতে উখিয়া থানায় দুটি মামলা করে পুলিশ। এছাড়া আরেকটি মামলা করেন অপহরণের শিকার যুবক। মামলায় শাহ আলী, মোহাম্মদ জোবাইরসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করা হয়। মামলাগুলো তদন্তের জন্য দায়িত্ব পান উপ-পরিদর্শক (এসআই) মো. নুরে আলম।