কুষ্টিয়ায় সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জেলার মিরপুরে বেপরোয়া গতির অবৈধ স্টিয়ারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
এদিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের আজমতপুর ও লক্ষীধরদিয়া গ্রামের মাঝামাঝি হাওয়াখালি মাঠের মাঝে এ দুর্ঘটনা ঘটে।
.png)
নিহত কিশোরের নাম সিয়াম (১৭)। সে একই এলাকার চক ধুবইল গ্রামের দাউদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী সাতগাছি গ্রামের বকুল বেপরোয়া গতিতে স্টিয়ারিং গাড়ি চালিয়ে স্থানীয় একটি ভাটায় যাচ্ছিলো। পথিমধ্যে হাওয়াখালি মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী কিশোর সিয়ামকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের আল্লাহরদর্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসীন হোসেন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত খতিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেল যোগে দৌলতপুর থেকে ভেড়ামারায় নিজ বাড়ি ফিরছিলেন মহসীন আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হন মহসীন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।