ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে খুন, কান্না করায় মেয়েকে গলা টিপে হত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২৩ জানুয়ারি ২০২২
স্ত্রীকে খুন, কান্না করায় মেয়েকে গলা টিপে হত্যা
ছবি: সংগৃহীত

নাটোরে স্ত্রী মাসুরা বেগম ও কন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের পৌর এলাকার উত্তর চৌকিরপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।

আটক আব্দুস সাত্তার ঐএলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন পুরাতন কাপড়ের ব্যবসায়ী।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ৫ বছর আগে সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মাসুরা খাতুনের সঙ্গে আব্দুস সাত্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতের কোন এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। সকালে ঘরে তালা ঝুলিয়ে তিনি বাড়ির চলে যান। 

দুপুরে বাড়ি ফিরে আসার পরে আবারও ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হলে তারা আব্দুস সাত্তার ও তার স্ত্রীর নাম ধরে ডাকাডাকি শুরু করে। কিন্তু ঘরের দরজা না খুলে আব্দুস সাত্তার  চিৎকার করে স্ত্রী ও মেয়েকে হত্যার কথা বলেন। পরে প্রতিবেশীসহ স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

নিহত মাসুরার মা আছিয়া বেগম জানান, বিয়ের পর থেকে তার মেয়ের ওপর স্বামী, শাশুড়ি ও ননদসহ শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন চালাতেন। সাত্তার মাঝে মধ্যেই যৌতুকের টাকা দাবি করতেন মাসুরার পরিবারের কাছে।

এলাকাবাসী জানায়, কয়েক বছর এলাকায় থাকলেও প্রতিবেশীদের কেউ মাসুরার নাম জানেন না। সাত্তার তার বউকে কারো সঙ্গে কথা বলতে বা মিশতে দিতেন না। সবাই জানতেন সাত্তারের বউ খুব পর্দানশীল।

এদিকে, হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে স্বীকার করে আব্দুস সাত্তার চিৎকার করে জানান, শনিবার রাতে তিনি নিজে স্ত্রী ও কন্যাকে হত্যা করেছেন। স্ত্রীকে হত্যার পর তার মেয়ে খুব কান্নাকাটি করছিল। তখন কান্না থামানোর জন্য শিশু মাহমুদাকে আছাড় দেন। পরে গলা টিপে মেরে স্ত্রী-মেয়েকে ঝুলিয়ে রাখেন।

আরো পড়ুন: বিয়ের বর প্রস্তুত, হঠাৎ বাবার মৃত্যু শোকে মারা গেলেন ছেলেও

নাটোর সদর থানার ওসি মনছুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতের কোন এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এ সময় আব্দুস সাত্তার তার ছেলেকেও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখেন। পরে দুপুরে মরদেহ দুইটি গুম করার চেষ্টায় বস্তাবন্দি করার সময় পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার ও ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে মা ও মেয়েকে  শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাটোর হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!