রোহিঙ্গা ক্যাম্পের গহীন অরণ্যে ফের অস্ত্র তৈরির কারখানা বসাচ্ছে আরসা
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের অদূরে গহীন অরণ্যে ফের অস্ত্র তৈরির কারখানা স্থাপন করে ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করছে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। ক্যাম্পগুলোতে সক্রিয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিতেই এসব কারখানা স্থাপন করছে সংগঠনটি।
আরসা কমান্ডাররা ক্যাম্পের পাহাড়ে এর আগেও অস্ত্র তৈরির কারখানা বসিয়েছিল। গত বছরের নভেম্বরে উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারিগরসহ তিন আরসা ক্যাডারকে গ্রেফতার করেছিল র্যাব। উদ্ধার করা হয়েছিল চারটি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। ঐদিন ভোরে অভিযান টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
দীর্ঘ চার ঘণ্টা গুলি বিনিময়ের পর রোহিঙ্গা সন্ত্রাসীরা পিছু হটলে কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
.png)
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আরসা সদস্যরা আবারো উখিয়া-টেকনাফের গহীন অরণ্যে একাধিক অস্ত্র তৈরির ভ্রাম্যমাণ কারখানায় চালু করেছে।
৮ এপিবিএন এর অধিনায়ক এসপি শিহাব কায়ছার খান বলেন, এ ধরনের অস্ত্র তৈরির কারখানার কথা আমরাও শুনেছি কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে। আরসা-আল ইয়াকিনসহ যেকোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা কঠিন হাতে দমন করার সক্ষমতা আমাদের রয়েছে।