বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটকরা হলেন- মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ, মন্দ্রাছের ছেওয়াচি, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মো. হাফেজ আহমেদ।
.png)
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে দুই বিদেশি নাগরিকসহ চারজন একটি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে বিজিবি। এরপর তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৪ লাখ টাকা।
এর আগে, খারাংখালী এলাকায় একটি কাঠের নৌকায় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা হস্তান্তরের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে এক লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা। পরে উদ্ধার করা ইয়াবা ও দোষীদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।