ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে ২০ কিলোমিটার যানজট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২৯ জানুয়ারি ২০২২
সীতাকুণ্ডে ২০ কিলোমিটার যানজট
সীতাকুণ্ডে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।

শনিবার সকাল থেকে যানজট শুরু হলেও দুপুরের পর থেকে তা তীব্র আকার ধারণ করে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট স্থায়ী ছিল।

জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ফলে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। চালু থাকা অন্যপাশ দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Advertisement

বিকেল ৪টার দিকে সংস্কার কাজ শেষ করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় বন্ধ থাকা মহাসড়ক খুলে দেয়া হয়। তবে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহনের চাপ সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। যানবাহন পুরোপুরি চালু হওয়ার আগেই সন্ধ্যার দিকে উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। এতে যানজটের মাত্রা আরো বৃদ্ধি পায়।

জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি কাজী নাজমুল হক বলেন, সড়কের সংস্কার কাজের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে বিকেলের দিকে তা স্বাভাবিক হতে লাগলে জলিল গেট এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এরপরই দুইপাশে আরো চাপ তৈরি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

সওজ ও জনপথ বিভাগের সীতাকুণ্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, আমরা মহাসড়কের ৬৬ কিলোমিটার এলাকায় পর্যায়ক্রমে কাজ করবো। শনিবার মাদামবিবিরহাটে ১৫০ মিটার অংশে করেছি। কাজের আগেই স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। বিকেল ৪টার মধ্যেই কাজ শেষ হয়েছে।

চট্টগ্রাম নগরীর অলংকার থেকে সীতাকুণ্ডগামী মিনিবাসের যাত্রী মোহাম্মদ রাসেল বলেন, অলংকার থেকে গাড়িতে উঠেছি, যাবো ফৌজদারহাট। অলংকার থেকে ফৌজদারহাট যেতে সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। আধাঘণ্টা হয়ে গেছে এখনো অর্ধেক পথও পেরোতে পারিনি।

আরেক যাত্রী মোস্তাকিম বলেন, সীতাকুণ্ড যেতে গাড়িতে উঠেছি। যা অবস্থা দেখছি, রাত ১২টার আগে পৌঁছাতে পারবো বলে মনে হয় না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!