শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রহমান। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরের ডুবজাহাজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা মামুন শেখ ও পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা ইসমাইল শেখ।
.png)
জানা গেছে, শনিবার ভোরে বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১০টি ট্রলার ডুবে যায়। এতে ২৫ জেলে নিখোঁজ থাকার কথা জানায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। তবে সুন্দরবন পূর্ব বনবিভাগের তথ্যমতে ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা প্রায় ১৮।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রহমান জানান, ঝড়ের পর থেকেই বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে তিন জেলেকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।