ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলে জীবিত উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২২
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলে। ফাইল ছবি

দমকা হাওয়ার কবলে পড়ে বঙ্গেপসাগরে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জেলের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে তাদের উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রলারডুবির ঘটনায় শনিবার সন্ধ্যার দিকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার এবং ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। মামুন শেখ এফবি মা-বাবার দোয়া ট্রলারে এবং ইসমাইল শেখ এফবি জামিলা নামক ট্রলারে ছিল। হঠাৎ উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল ট্রলারের পাটাতনের মধ্যে ঢুকে যায়।

Advertisement

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেলে অধিকাংশ জেলেই সাঁতরিয়ে নিরাপদ স্থানে চলে যায়। এরপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। শনিবার সকাল থেকে জেলে, বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনী নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে প্রায় শতাধিক ট্রলার উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে-ট্রলার নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, রোববার সকাল সাড়ে ১০টার পর্যন্ত বঙ্গেপসাগরে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!