ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালাকের পর জুটল প্রাক্তন স্বামীর ব্লেডের আঘাত ও সিগারেটের ছ্যাঁকা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
তালাকের পর জুটল প্রাক্তন স্বামীর ব্লেডের আঘাত ও সিগারেটের ছ্যাঁকা
প্রাক্তন স্বামীর ব্লেডের আঘাত ও সিগারেটের ছ্যঁকায় ক্ষত-বিক্ষত মরিয়ম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মরিয়ম নামে তালাকপ্রাপ্ত এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেছে তার প্রাক্তন স্বামী। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে ঐ উপজেলার পাঁচগাঁও উত্তর দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বুধবার ভোরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি চক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মরিয়মকে ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মরিয়ম একই উপজেলার কামরানিরচর এলাকার আব্দুল কাদিরের মেয়ে। তিনি দুই সন্তানের মা। ঘটনার সঙ্গে প্রাক্তন স্বামী নাজমুল, তার ভাতিজা আল-আমিন, দ্বিতীয় স্ত্রী খাদিজা ও তার ভাই জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী নিজেই।

Advertisement

তিনি জানান, ৮ বছর আগে নাজমুলের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের কাবিনামা রেজিস্ট্রি করা হয় চার মাস আগে। এরই মধ্যে নাজমুল গোপনে অন্য এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তাকে তালাক দেন নাজমুল। সেই থেকে বাবার বাড়ি কামরানিরচর এলাকায় বসবাস করছিলেন মরিয়ম। পরে তিনি নারায়ণগঞ্জ আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মরিয়ম আরো জানান, মামলা করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন নাজমুল। মঙ্গলবার রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। ঐ সময় তার মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে নিয়ে যায় আগে থেকেi লুকিয়ে থাকা নাজমুল, আল-আমিন, খাজিদা ও তার ভাই। পরে পাঁচগাঁও চকে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী মরিয়ম বলেন, প্রথমে ব্লেড দিয়ে আমার শরীর ক্ষত-বিক্ষত করা হয়। পরে সিগারেটের ছ্যাঁকাদিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে দেওয়া হয়। ঐ সময় তারা আমার মুখে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান, স্থানীয়রা ঐ নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!