নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার গোকুলদাশেরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
শুরুতে নুরুজ্জামান চৌধুরির মালিকানাধীন আবিদ অ্যান্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদনকারী কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ সবগুলো চুলা ভেঙে দেয়া হয়। এ সময় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে আটক দুই কর্মচারীকে এক মাসের জেল প্রদান করা হয়।
.png)
পরে একই এলাকায় শাহনাজ বেগমের মালিকানাধীন সাব্বির কেমিকেল ওয়ার্কস এর গুড ফাইট সুপার জাম্বো নামে মশার কয়েল উৎপাদনকারী কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তিতাস কর্তৃপক্ষ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ কারখানার মালিকের পুত্রকে আটক করে। পরে পার্শ্ববর্তী আরো একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ কেটে দেয়া হয়।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, এই তিনটি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজাররের মাধ্যমে গত কয়েক বছর যাবত অবৈধভাবে উচ্চ চাপের গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন অব্যাহত ছিল। প্রতি মাসে তারা কমপক্ষে তিন থেকে চার লাখ টাকার গ্যাস চুরি হয়ে আসছে।
তিনি জানান, এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। পর্যায়ক্রমে এই অঞ্চলের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।