ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে নানা বিতর্ক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ১১ ফেব্রুয়ারি ২০২২
ঝালকাঠিতে যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে নানা বিতর্ক
৭৩ সদস্যের কমিটির অনুমোদন দেয় যুবদল

মাদকসেবী ও প্রবাসীদের নিয়ে ঝালকাঠি জেলা যুবদলের ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে।

বুধবার রাতে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু স্বাক্ষরিত ৭৩ সদস্যের জেলা যুবদলের আহ্বায়ক কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে কমিটি গঠন করা হলেও অনুমোদন লেটারে কোনো তারিখ দেওয়া হয়নি।

ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, মাদকসেবী, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পদে থাকা নেতাদের নিয়ে ৭৩ সদস্যের জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া টাকার বিনিময়ে প্রবাসী, নিষ্ক্রিয়দেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

Advertisement

ত্যাগী নেতারা জানান, এ কমিটিতে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক মাদক মামলার আসামি, প্রবাসী ও রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয়দের নাম। বাকি ৫৩ সদস্যের মধ্যে রয়েছেন অন্য দলের অনুসারী ও কর্মসূচি পালনে অংশগ্রহণকারী ব্যক্তিসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বর্তমানে পদে থাকা নেতাকর্মীরা।

নবগঠিত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান পান্নু বলেন, যুবদলের বরিশাল বিভাগীয় টিম ঝালকাঠিতে সফরে এসে আমাদের নিয়ে কর্মী সভা করেন। তখন যুবদলের সঙ্গে সম্পৃক্ত ও যুবদল করতে ইচ্ছুক সবাইকে প্রাথমিক সদস্য ফরম পূরণ করার জন্য নির্দেশনা দেন। ফরম পূরণ করা ও যোগ্যদের নিয়ে জেলা যুবদলের বিভিন্ন পদের জন্য ৪১ জনের নাম প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছে। পরবর্তীকালে অন্যদের নিয়ে বর্ধিত করে ৬১টিতে পৌঁছে। একপর্যায়ে নাম না জানা, যুবদলের প্রতি সংশ্লিষ্টতা না থাকা, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, সুযোগসন্ধানী, মাদকসেবী, প্রবাসীদের নাম অন্তর্ভুক্ত করে ৭৩ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে। 

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা যুবদলের কমিটি পাঠিয়েছি। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটির অধীনস্থ সব উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!