ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী দীপা এবারো সেরা, কলেজে একমাত্র জিপিএ-৫

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২
প্রতিবন্ধী দীপা এবারো সেরা, কলেজে একমাত্র জিপিএ-৫
দীপা নন্দী

মানসিক ভারসাম্যহীন মা। বাবা থেকেও না থাকার মতো। নেন না কোনো খোঁজখবর। তবু স্বপ্নের পথ ধরেই ছুটে চলেছেন শারীরিক প্রতিবন্ধী দীপা নন্দী। অভাবে পিছুটান থাকলেও চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। সফলতাও পেয়েছেন। পিইসি, জেএসসি, এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপিএ-৫। পুরো কলেজে একাই জিপিএ-৫ পান অদম্য এ শিক্ষার্থী।

দীপা নন্দী খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ব্যবসা বিভাগ থেকে তিনি এ ফলাফল অর্জন করেন। রোববার দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে দীপার কৃতিত্ব প্রকাশ পায়। এর আগেও পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

জানা গেছে, দীপা নন্দীর মা মানসিক ভারসাম্যহীন। বাবা খোঁজখবর নেন না। ছোটবেলা থেকেই মামা-মামির অভাবের সংসারে রয়েছেন। তাদের অনুপ্রেরণা ও উৎসাহে এ পর্যন্ত আসছেন দীপা। তবে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা ও প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়ে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।

Advertisement

দীপার মামি চুমকি বিশ্বাস বলেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তবে কোনো সহায়তো পেলে দীপাকে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে।

পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা জানান, দীপা নন্দী অত্যন্ত মেধাবী। শারীরিক প্রতিবন্ধী হলেও অত্যন্ত পরিশ্রমী। সে যেন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এজন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!