বালতিতে মিলল ৮ ককটেল, বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করেন। এ সময় তিন দফা বিস্ফোরণে আশপাশের পুরো এলাকা কেঁপে উঠে।
স্থানীয় উচিৎপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি প্লাস্টিকের ছোট্ট বালটিতে ককটেলগুলো রাখা ছিল। খবর পেয়ে এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখেন।
উচিৎপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য রশীদ মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একব্যক্তি প্লাস্টিকের বালতি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে একটি ছুরিও ছিল। পরে তাকে দেখে সে হাতে থাকা বালতি রেখে পালিয়ে যায়।
.png)
তিনি আরো বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আমি পুলিশে খবর দিয়েছি।
এদিকে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা রাতের আঁধারে ককটেলগুলো রেখেছে। তা এখনো বের করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে আমাদের তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কারণে কোনো প্রকার অপ্রীতির ঘটনা ঘটেনি। উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি রহমত উল্যাহ চৌধুরী, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা, আড়াইহাজার থানার এসআই আলমগীর, সিটিটিসি ইউনিটের সদস্য আবুল বাশার, মোদ্দাছের কায়ছার ও রাইসুল ইসলামসহ আরো অনেকে।