ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক্স-রে কক্ষে কিশোরীকে ধর্ষণচেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২
এক্স-রে কক্ষে কিশোরীকে ধর্ষণচেষ্টা, পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক্সরে কক্ষে এক রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে অভিযান চালিয়ে আনিছুরকে গ্রেফতার করে নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি দল। ৪০ বছর বয়সী আনিছুর রহমানের বাড়ি জেলার বাঘা উপজেলায়।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। ভুক্তভোগী ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সম্প্রতি মেয়েটি অপহরণের শিকার হয় এবং তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।

Advertisement

এরপর সঠিক বয়স নির্ধারণের জন্য এবং ধর্ষণ কিংবা অন্তঃসত্ত্বা হয়েছে কিনা সেই তথ্য জানতে ৬ ফেব্রুয়ারি ওই কিশোরীকে রামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ। তার শারীরিক পরীক্ষা শেষে ৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বাড়ি ফিরে স্বজনদের ওই কিশোরী জানায়, ৮ ফেব্রুয়ারি দুপুরে আল্ট্রাসনোগ্রাফি করতে তাকে রামেক হাসপাতালের তিন নম্বর এক্স-রে কক্ষে ঢোকানো হয়েছিল। এরপর সেখানে এক পরিচ্ছন্নতাকর্মী তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে আনিসুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আনিসুরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। ভুক্তভোগী ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী । ওই ছাত্রী সম্প্রতি অপহরণের শিকার হয় এবং তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, কিশোরীর বাবা থানায় মামলা করার পরপরই বিশেষ অভিযান চালিয়ে পরিচ্ছন্নতাকর্মী আনিছুরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!