সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ পৌর শহরের চর রায়পুর কাটাখালি ব্রিজ এলাকায় আব্দুর রহমান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এলাকার ব্যবসায়ী সুজাব আলীর ছেলে।
নিহতের বোন জামাই আবু হানিফ বাবু বলেন, এ দিন সন্ধ্যার দিকে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়। পথে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে ফোন পেয়ে দ্রুত কাটাখালি ব্রিজে ছুটে গিয়ে আশঙ্কাজনক ও রক্তাক্ত আব্দুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, তার বুকে ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, আব্দুর রহমানের পাঁজরে ও পেটে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আব্দুর রহমান কি কারণে খুন হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।