কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আলী আকবরকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিবুল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম।
.png)
এ মামলায় ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ তিনজন খালাস পেয়েছেন। তবে রায়ের সময় আদালতে ছিলেন না জুয়েল ও মোক্তার।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর হত্যা মামলা করেন নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম। পরে ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয়।