ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন 

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২২
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে রামগঞ্জে ব্যবসায়ী আনিসুর রহমান আজাদ হত্যা মামলায় মো. মহসীন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী আনিসুর রহমান আজাদকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই অভিযুক্ত মহসিনের নামে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

Advertisement

একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মহসীনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।

রায়ের সময় আসামি মহসীন আদালতে অনুপস্থিত ছিলেন। এর আগে এ মামলায় তিনি জামিনে বের হয়ে পলাতক ছিলেন।

আরো পড়ুন >>> মাধবদীতে স্বামীর হাতে স্ত্রী খুন 

নিহত আজাদ জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির নন্দীয়ারা গ্রামের জব্বর আলী মুন্সি বাড়ির মৃত মৌলভী রফিকুল ইসলামের পুত্র। দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

জানা যায়, আসামি মহসিনের সঙ্গে নিহত আজাদের ভাগিনা মো. রিয়াদ হোসেন টিটুর আগ থেকেই বিরোধ ছিল। ২০১৯ সালের ৮ জুলাই বিকেলে মহসিন একটি ধারালো দা’ নিয়ে টিটুর ওপর আক্রমণ করে। খবর পেয়ে তার মামা আজাদ তাকে বাঁচাতে আসলে মহসিনের দা’ এর আঘাতে আজাদ গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর খুনি মহসিন পালিয়ে যাবার সময় ইব্রাহিম নামে স্থানীয় এক ব্যক্তি তাকে ধরতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মহসীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!