ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামের মীরসরাইয়ে টানা ৬ বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে তাকে মীরসরাই থানায় হস্তান্তর করেছে র্যাব।শুক্রবার দুপুরে বেলাল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামি বেলাল হোসেন উপজেলার সাহেরখালী ইউপিরর ৩ নম্বর ওয়ার্ড়ের বর্তমান ইউপি সদস্য।
.png)
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে। বেলালের নামে ডাকাতিসহ আরো একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার শাহেরখালী খাল থেকে রক্তাক্ত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১ ফেব্রুয়ারি ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। এলাকায় আধিপত্য বিস্তার, জমি সংক্রান্ত বিরোধ এবং ছিনতাইয়ের ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। এ মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৩ জন এবং জড়িত সন্দেহে আরো একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।