এ ঘটনায় শনিবার পুঠিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আহত ১৭ বছর বয়সী দোয়েল ভালুকগাছি ইউনিয়নের টোনাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি দুপুরে গোটিয়া গ্রামের আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার দুদিন পর শনিবার কিশোরকে মারধরের এক মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। পরে গোটিয়া গ্রামের আব্দুল বারিক, বিদ্যুৎ কুমার ও জিতেন ধরকে গ্রেফতার করে পুলিশ।
.png)
দোয়েলের বাবা সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার আমার ছেলে গোটিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিল। সে সময় কিছু লোক তাকে চোর অপবাদ দিয়ে হাত-পা বেঁধে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেই।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শনিবার সকালে তিনজনের নামে একটি মামলা করেন দোয়েলের বাবা। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।