সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দুই সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয় সদ্য বিলুপ্ত কমিটির ২৪ নম্বর সহ-সভাপতি মাসুদুর রহমান সজনকে। আর সদস্য সচিব হয়েছেন রেজাউল করিম টুটুল। একই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, জেলা যুবদলের নতুন আহ্বায়ক মাসুদুর রহমান সজন নগরীর আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি ফরিদ মাহমুদ হাসানের জামাতা। তিনি একজন জুতা ব্যবসায়ী। সার্বক্ষণিক তিনি ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন।
.png)
জেলা যুবদলের সাবেক এক নেতা বলেন, সজনের রাজনৈতিক তেমন কোনো পদ-পদবি ছিল না। হঠাৎ করে একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, রাজশাহী জেলার অধীনে নয়টি থানা ও ১৪টি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিটের নেতাকর্মীই জেলা যুবদলের দায়িত্ব দেওয়া আহ্বায়ককে নিয়ে হতাশা ব্যক্ত করছেন। একজন জুতা ব্যবসায়ীকে জেলা যুবদলের আহ্বায়ক করায় তা কেউ মেনে নিতে পারছেন না।