বিস্ফোরণের পরই লাগলো আগুন, মা-বাবা উদ্ধার হলেও প্রাণ গেল শিশুর
হঠাৎ করেই বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে জুবায়ের নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। আর তার মা-বাবা-ভাই অগ্নিদগ্ধ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ঐ ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিস্ফোরণ হয়। একপর্যায়ে আগুনের শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় মকবুল, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়েন।
.png)
আরো পড়ুন>>> ‘মার্কেট বন্ধ থাকাতেই নীলক্ষেতের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে’
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মকবুল, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে জুবায়ের। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।