উখিয়ায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় ফাতেমা খাতুন নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল আলমের ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ওই নারী জামালপুরের ভারুয়াখালী ঘোড়াধাপ এলাকার আলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। তিনি এমএসএফ উনচিপ্রাং হাসপাতালে কর্মরত ছিলেন।
২৩ বছর বয়সী ফাতেমা টাঙ্গাইলের গাঁড়াইল জেলার জোরদিগির পূর্বপাড়া পুলমালীজালার নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি বর্তমানে এমএসএফ হাসপাতালে নার্সিং পোস্টে জামতলী অস্থায়ী ক্যাম্পে চাকরি করেন।
.png)
আরো পড়ুন: পুত্রবধূর সঙ্গে ঝগড়ার পর শাশুড়ির বিষপান
স্থানীয়রা জানায়, বিল্লাল ও ফাতেমা দম্পতি জামতলী হাফেজ নুরুল আলমের ভাড়া বাসায় একটি কক্ষ নিয়ে বসবাস করতেন। বুধবার রাত সাড়ে ১২টায় বিল্লাল বাসায় আসলে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রাতে খবর পাই জামতলীতে ফাঁস লাগানো অবস্থায় এক নারীর লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার মূল কারণ কী তা এখনো জানা সম্ভব হয়নি।