ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে নসিমন-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ৯ মার্চ ২০২২
মুন্সিগঞ্জে নসিমন-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ 
নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউপির নুরাইতলী গ্রামে নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 

বুধবার সকাল ১০ টার দিকে মহাকালি ইউপির ২ নম্বর ওয়ার্ডের নুরাইতলী এলাকার আবুল হোসেন রাঢ়ীর বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউপির বড় নওপাড়া এলাকার আলী হোসেন বেপারীর ছেলে সিএনজি চালক আজিজুল বেপারীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

আহতরা হলেন মুন্সিগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও এলাকার মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিজুর রহমান, তার বোন রাবেয়া বেগম ও মা আনোয়ারা বেগম । তারা সবাই সিএনজি আরোহী। মাওয়া থেকে তারা বাসায় ফিরছিলেন। 

Advertisement

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এম এ কালাম জানান, সকাল ১১ টা'র দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে বেলা সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু ঘটে। তার এক পা ভেঙে গেছে ও থুতনিতে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। 

সদর থানার উপ পরিদর্শক কাজল দাস জানান, জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে লাশ উদ্ধার করে। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেয়া হয়। এ ঘটনায় নসিমন ও সিএনজি আটক রেখেছে পুলিশ। নসিমনের ড্রাইভার পলাতক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!