স্থানীয় জেলে আবদুল হক জানান, জোয়ারের পর পাটোয়ারটেক (পাথররাণী) সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে জানানো হয়। দুই বা তিনদিন আগে ডলফিন মারা যেতে পারে বলে ধারণা করছেন জেলেরা। তবে ঠিক কীভাবে মারা গেছে তা কেউ ধারণা করতে পারছে না।
স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন জুয়েল জানিয়েছেন, পর্যটক ও উৎসুক লোকজন ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে ভিড় করছে। ডলফিনটি দেখতে পেয়ে বন বিভাগসহ সংশ্লিষ্ট দফতরের লোকজনকে জানানো হয়।
.png)
কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে লোকজন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যেভাবে দরকার ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের শুরু দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিল বিশালাকার দুটি ডলফিন। কয়েকদিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুটি ভেসে এসেছিল। এই নিয়ে পরিবেশবাদীরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছিলেন।