ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডাকাতের সোর্স বাসচালক নিজেই! ফোনে মিলল কল রেকর্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৫ আগস্ট ২০২২
ডাকাতের সোর্স বাসচালক নিজেই! ফোনে মিলল কল রেকর্ড
ডাকাতদের সোর্স বাসচালক আলমগীর

এক বাসচালকের সহায়তায় চলতো দুটি কোম্পানির বাসে ডাকাতি। রোববার বিকেলে বাসের সেই চালক আলমগীরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এ সময় চালক আলমগীরের মোবাইলে ডাকাতদের সঙ্গে কথোপকথনের ভিডিও রেকর্ড পাওয়া যায়।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মজিবর রহমান এবং ‘আর পি নাইস’ গাড়ির মালিক মুক্তার হোসেন জানান, নাটোর থেকে আর পি স্পেশাল রোকেয়া ও আর পি নাইস নামের দুটি বাস চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকা চলাচল করে। বাস দুটিতে প্রায়ই নারায়ণগঞ্জ পার হয়ে কাঁচপুর যাওয়ার পথে ডাকাতি হয়।

আর পি নাইসে সর্বশেষ শনিবার রাতে ডাকাতি হয়। ডাকাতদের সোর্স চালক আলমগীর রবিন নামে এক ডাকাতের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বাসে তুলে নেন। এরপর গাউছিয়া এলাকায় সুপারভাইজারকে মারধর করে নগদ টাকা-পয়সা লুট করে নেয়।

সুপারভাইজার বাসের ক্যাশ গাড়ির পার্টস রাখার টুলবক্সে লুকিয়ে রাখেন এবং বলেন, আমার কাছে কোনো টাকা নেই। কাউন্টারে টাকা রেখে দিয়েছি। তখন ডাকাতরা বলে, তোর টুলবক্সের মধ্যে টাকা আছে, বের করে দে। বলেই সুপারভাইজারকে মারধর করে। এসব জানার পরে গাড়ির মালিকের সন্দেহ হলে আলমগীরের মোবাইল ফোন চেক করেন। এ সময় তিনি জানতে পারেন রবিন নামের এক ডাকাতকে আলমগীর বলছেন, ‘তুমি নারায়ণগঞ্জ থেকে বাসে উঠবা। এরপর গাউছিয়া এলাকায় সুপারভাইজারকে মারধর করে টুলবক্সে লুকানো টাকা বের করে নিয়ে নেমে যাবে।’

আলগীরকে আটক করে চড়-থাপ্পড় ও মোবাইল ভিডিও রেকর্ড শোনালে তিনি স্বীকার করেন, সুপারভাইজারের সঙ্গে বিরোধের জন্য তিনি রবিনকে এ কথা বলেছিলেন। তার ডাকাতদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। জীবনে তিনি একবারই এ কাজ করেছেন বলে দাবি করেন চালক। পরে আলমগীরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক আলমগীর আর পি রোকেয়া নাইস গাড়ির চালক এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, আলমগীরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য নেয়ার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!