ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিলপিলের ডিমে জন্ম নিলো ৩৮ কুমির ছানা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫, ২৪ আগস্ট ২০২২
পিলপিলের ডিমে জন্ম নিলো ৩৮ কুমির ছানা
পিলপিলের ডিমে জন্ম নিলো ৩৮ কুমির ছানা- ছবি: সংগৃহীত

দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে লবণপানি প্রজাতির মা কুমির পিলপিলের ৩৮টি ডিম থেকে ৩৮টি বাচ্চার জন্ম হয়েছে। ২০০০ সালের পর থেকে এই প্রথম কুমিরের ডিম থেকে শতভাগ ছানা বের হলো।

সোমবার (২২ আগস্ট) সকালে করমজল প্রজনন কেন্দ্রে রাখা ডিজিটাল ইনকিডবেটরে (কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করে ডিম ফোটানোর যন্ত্র) ডিমের খোলস ভেঙে জন্ম নেয় বাচ্চাগুলো। 

গত ২২ জুন করমজল কেন্দ্রের পুকুর পাড়ে মা কুমির পিলপিল ৩৮টি ডিম পেড়েছিল। এরপর ওই ডিমগুলো বাচ্চা ফোটার জন্য ডিজিটাল ইনকিউবেটরে রাখা হয়। দীর্ঘ ৬২ দিন পর সেই ডিমের সবটি থেকে কুমির ছানা বের হয়।

Advertisement

সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, এর আগেও ইনকিউবেটর থেকে কুমিরের ছানা ফুটেছে। তবে এই প্রথমবার ডিজিটাল ইনকিউবেটর ব্যবহার হওয়ায় শতভাগ কুমিরের ডিম থেকে ছানা ফুটেছে। এটা এক ধরনের সাফল্য বলেই তিনি মনে করেন।

তিনি আরো বলেন, মূলত বিলুপ্তপ্রায় লবণপানি প্রজাতির কুমিরের সংরক্ষণ, প্রজনন এবং বংশ বিস্তারের লক্ষ্যেই ২০০০ সালে করমজলে আট একর জমির ওপর কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। তখন রেমিও এবং জুলিয়েট যুগল দিয়ে শুরু করা হয় কুমিরের প্রজনন কার্যক্রম। করমজল প্রজনন কেন্দ্রে প্রথম ডিম পাড়া কুমির রোমিও-জুলিয়েট যুগল এর আগে অনেক ছানার বাবা-মা হয়েছে। রোমিও ও জুলিয়েট যুগল বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ায় বেশ আগে থেকেই ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, বর্তমানে এই কেন্দ্রের একমাত্র মা কুমির পিলপিলই ডিম পাড়ছে। এ নিয়ে কুমির পিলপিল ১১ বার ডিম দিল। তবে ইতোপূর্বে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটার হার ছিল ৬০-৬৫ ভাগ। যদিও এর আগে এনালগ ইনকিউবেটরে কুমিরের ডিম বাচ্চা ফোটানোর জন্য সংরক্ষণ করা হতো। এবারই প্রথম ডিজিটাল ইউকিউবেটর ব্যবহার করার ৩৮টি ডিমের সবটি থেকেই কুমির ছানার জন্ম হয়েছে।

সুন্দরবন করমজলে এর আগে ছোট-বড় মিলিয়ে ৯১টি কুমির ছিল। এই ৩৮টি কুমির ছানাসহ বর্তমানে কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের সংখ্যা ১২৯টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!