‘শুধু তিলে তিলে শেষ হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে আর ফেরা হবে না’
ময়মনসিংহে ছাত্রাবাস থেকে অমিত কুমার সূত্রধর নামে ২৫ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
শনিবার সন্ধ্যায় নগরীর সানকিপাড়া নয়নমণি মার্কেট সংলগ্ন মাজার শরীফ রোডের ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অমিত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জমিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে। তিনি সরকারি আনন্দমোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সানকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন অমিত। শুক্রবার রাত থেকে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনরা। পরে বিষয়টি এক আত্মীয়কে জানান তারা। এরপর ছাত্রাবাসে এলে অমিতের রুমের দরজা বন্ধ পান ওই আত্মীয়। একপর্যায়ে জানালা দিয়ে অমিতকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো জানান, ঘটনার দিন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অমিত। প্রেমের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকে দেওয়া পোস্টেও তেমন ইঙ্গিত মিলেছে।
শুক্রবার ‘পরাণ’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনের শেষ অংশে অমিত লিখেছেন, ‘সে যখন অন্য কারো কাছে চলে যেতে চাইবে, তখন চুপচাপ যেতে দিলে আপনি ভালো, আর তাকে ধরে রাখতে চাইলে আপনি হবেন অমানুষ। আপনি তার কষ্টে চলে যেতে পারেন অন্তিম শয্যায়, তবে তার এক রাতের ঘুমও নষ্ট হবে না তাতে। আপনার হৃদয়ের প্রচণ্ড রক্তক্ষরণ, চোখের অঝোর ধারা তার মনকে বিন্দুমাত্র বিচলিতও করতে পারবে না। শুধু তিলে তিলে শেষ হয়ে যাবেন আপনি। আর কখনোই এখান থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরা হবে না আপনার।’