ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চমেকেই জোড়া নেবে কেটে যাওয়া ধমনি

মো. রাকিবুর রহমান, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮:০২, ২২ নভেম্বর ২০২২
চমেকেই জোড়া নেবে কেটে যাওয়া ধমনি
ফাইল ছবি

ছুরিকাঘাত কিংবা অন্য কোনো দুর্ঘটনায় শিরা বা ধমনি কেটে গেলে প্রয়োজন হয় ভাসকুলার সার্জারির। কিন্তু এতদিন চট্টগ্রামে সেই সুবিধা না থাকায় রোগীদের ছুটতে হতো ঢাকায়। পোহাতে হতো নানা ভোগান্তি।

এবার শেষ হলো সেই ভোগান্তির পালা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাত্রা শুরু করা ভাসকুলার সার্জারি বিভাগেই এখন মিলছে এসব সেবা। ফলে রোগীদের নিয়ে এখন আর দৌড়াতে হবে না ঢাকায়, পৌঁছাতে দেরি হওয়ার কারণে হারাতে হবে না হাত-পা; এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, ধমনি কেটে গেলে অনেক সময় হাত-পায়ের রক্তনালি বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে এসব রোগীর চিকিৎসা শুরু করতে হয়। এছাড়া রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ (হেমোরেজিক স্ট্রোক) বা রক্তনালি ব্লক হয়ে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে এবং ওই অংশ শুকিয়ে গেলে (ইস্কেমিক স্ট্রোক) দ্রুত সার্জারির প্রয়োজন হয়। রক্তনালি কেটে গেলে ছয় থেকে আট ঘণ্টার মধ্যে চিকিৎসা করা না গেলে অনেক সময় হাত-পা কেটে ফেলতে হয়। এক্ষেত্রেও সহায়ক হয়ে কাজ করবে চমেকের ভাসকুলার সার্জারি বিভাগ।

Advertisement

চলতি মাসের শুরুতে চমেকের অ্যানেস্থেসিয়া বিভাগে ভাসকুলার সার্জারির জন্য সাময়িকভাবে বরাদ্দ করা অপারেশন থিয়েটার ও ইনডোর সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মিনহাজুল হাসান বলেন, চমেক হাসপাতাল পরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় এ স্বপ্নযাত্রা। ভাসকুলার সার্জারির জন্য আপাতত সপ্তাহে দুদিন অপারেশন থিয়েটার বরাদ্দ দিয়েছেন তিনি। বাকিটুকু আমরা করে নেবো। এ বিভাগের প্রধান হিসেবে আছেন ডা. আবদুল্লাহ আল মামুন।

ভাসকুলার সার্জনদের মতে, দেশে বেশি মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। অতিরিক্ত রক্তক্ষরণে আহত ব্যক্তি মারা যান। কারো হাত-পা কেটে গেলে অতি দ্রুত সার্জারির প্রয়োজন হয়, যেন ভাঙা হাড় থেকে রক্তনালি কেটে না যায়। এক্ষেত্রে ছয় থেকে আট ঘণ্টা সময়কে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ের মধ্যে কেটে যাওয়া রক্তনালি জোড়া দেওয়া গেলে হাত-পা রক্ষা করা সম্ভব। এছাড়া ডিপ ভেইন থ্রম্বোসিস বা গভীর শিরায় ব্লক হলে প্রয়োজন হয় ভাসকুলার সার্জারির।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএমজি সাকলায়েন রাসেলের মতে, ভাসকুলার সার্জারির জন্য দেশে চিকিৎসকের সংখ্যা হাতেগোনা। তাই যারা এমবিবিএস পাস করেন, যারা এফসিপিএস ডিগ্রি নিচ্ছেন; তাদেরও যদি তিন মাসের জন্য ভাসকুলার সার্জারি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে হাসপাতালগুলোতে পদায়ন করা যায়, তাহলে একদিকে মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি চিকিৎসকরাও এ বিষয়ে সচেতন হবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!