ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভার্চুয়াল আদালতে এই প্রথম হলো বিচারকের সাক্ষ্য গ্রহণ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ভার্চুয়াল আদালতে এই প্রথম হলো বিচারকের সাক্ষ্য গ্রহণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভার্চুয়াল আদালতে প্রথমবারের মতো দেশের কোনো আদালত বিদেশে অবস্থানরত মামলার জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্য গ্রহণ করলেন। রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালত জুম অ্যাপের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ সময় সুদূর আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থানরত সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদের সাক্ষ্য গ্রহণ করেন।

এ সময় আদালতে সহকারী সরকারি কৌঁসুলি তথা এপিপি ও বিবাদী পক্ষের আইনজীবীসহ জামিনে মুক্ত দুই মামলার দুই আসামি হাজির ছিলেন।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, ডাকাতির অভিযোগ ২০১০ সালে দায়েরকৃত দুটি মামলায় আটক দুই আসামির কাছ থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। তবে মামলার কার্যক্রম পরিচালনায় তার সাক্ষ্য গ্রহণ জরুরি হয়ে পড়ে।

এ অবস্থায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তায় তার কাছে সাক্ষ্য গ্রহণের শুনানি পৌঁছিয়ে ভার্চুয়াল আদালতে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা নেয়া হয়। সে অনুযায়ী আজ এ সাক্ষ্য গ্রহণ করা হয়।

ভার্চুয়াল আদালতে বিদেশে অবস্থানরত কোনো বিচারকের সাক্ষ্য গ্রহণ এবারই প্রথম বলে জানান ঐ আইনজীবী। এর আগে, ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারে থাকা আসামির রিমান্ড শুনানি এবং হাজতি আসামিকে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানির ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর বিচার বিভাগকে সচল রাখার প্রয়োজনীয়তায় দেশে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু। ২০২০ সালের ১১ মে থেকে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত চালু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!