প্রধানমন্ত্রীর সঙ্গে খাল খনন কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত এলাকাবাসী
দীর্ঘদিন পর এলাকার খালটি খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে এই কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হয়েছেন হাজারো এলাকাবাসী।
সোমবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে খাল খননের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম বলরামপুর সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে আজ। খালটি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও কৃষকের কোন কাজে আসছিল না। খালটি পলি জমে উঁচু জমিতে পরিণত হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ এই খালটি খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। খালটি খনন কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত হাজারো গ্রামবাসী ও কৃষক।
.png)
কৃষক আসলাম উদ্দিন বলেন, খালটিতে একসময় নৌকা চলাচল করেছিল। খালের পানি দিয়ে আমরা ফসলের ক্ষেতে পানি দিয়েছি। পাশাপাশি এই পানিতে মাঠ শিকার করে জীবিকা নির্বাহ করেছি। এখানে হাঁস পালন খুব ভালো হয়। কিন্তু কালের বিবর্তনে খালটি পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে। তবে এখন খালটি খনন হলে পুনরায় আগের চিত্র দেখা যাবে।
কৃষক মোসলেম আলী বলেন, খালটি আমাদের জন্য খনন করা হচ্ছে। তাই খাল খনন কার্যক্রমে আমরাও অংশ নেয়ার জন্য প্রস্তুত। দীর্ঘদিন পর খালটি খননের পদক্ষেপ নেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই।
কৃষক আশরাফ আলী বলেন, খালটিতে পানি থাকলে ভবিষ্যতে আমাদের কৃষি অনেক উপকার হবে। ফসলের আবাদ বাড়বে। শুধু আমাদের এলাকা নয়, আশেপাশের এলাকার কৃষকরা উপকৃত হবে। পাশাপাশি এইখানে দেশীয় মাছ ফেরত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।