ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৮

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ২৫ জুলাই ২০২৬
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৮
ডেঙ্গু মশা। ফাইল ফটো

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৪ জন, খুলনা জেলায় ১৫ জন এবং বাগেরহাটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগের অন্য সাতটি জেলা—চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৭৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫০৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং বাগেরহাট জেলায় ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!