ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের রবিউল গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২৬ জুলাই ২০২৬
খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের রবিউল গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, রোববার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়ের মহল এলাকার বাসিন্দা। তার বাবার নাম শেখ লাল মিয়া।

Advertisement

গ্রেফতারের পর রবিউলের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের শেষে উদ্ধার হওয়া বিদেশি রিভলবারসহ তাকে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!