খুলনা প্রতিনিধি: ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায়এ ঘটনা ঘটে। নিহত মনজুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
.png)
গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনরা।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।