ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিতাস নদীতে দেড় কোটি টাকার মালামালবোঝাই নৌকাডুবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৭ সেপ্টেম্বর ২০২৬
তিতাস নদীতে দেড় কোটি টাকার মালামালবোঝাই নৌকাডুবি
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার মালামালবোঝাই একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরশহরের বড়বাজার নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ও নদীতে তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয়রা কাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা আখাউড়ার বড়বাজার ঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় তিতাস নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি কাত হয়ে উল্টে যায়। পরে নৌকায় থাকা অধিকাংশ মালামাল নদীর পানিতে তলিয়ে যায়।

Advertisement

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকাটিতে সড়কবাজার ও বড়বাজারের মুদিদোকানিদের মালামাল ছিল। এর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, চিনি ও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নৌকাটিতে অতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ার সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বাজারের শ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নদীতে তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা শুরু হয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!