লোহাগড়ায় ৯ হাজার ৪৪০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ-সার
নড়াইলের লোহাগড়ায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৯ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু। তিনি কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা। লোহাগড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মধুসূদন দের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মিল্টন বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি ও অড়হর (হাইব্রিড) ফসলের আবাদ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ সুবিধা পাবেন।
তিনি জানান, প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য পর্যায়ক্রমে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে।