ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
মাটিরাঙ্গায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রা শুরু করেছে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমিটির উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নারায়ণ ত্রিপুরা একাডেমির উদ্বোধন করেন।

একাডেমির পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধক নারায়ণ ত্রিপুরা বলেন, ‘ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথি মো. শাহজালাল কাজল বলেন, ‘এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়বে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সচেতন মহল ও তরুণ খেলোয়াড়দের মতে, এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।

উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয়ী হয়।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!