ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কুকুর নিয়ে ‘উভয় সংকটে’ শাবি

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ৪ ডিসেম্বর ২০২২
কুকুর নিয়ে ‘উভয় সংকটে’ শাবি
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুরের উৎপাত বেড়েছে। এতে আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের কামড়ের শিকার হয়েছেন।

ক্যাম্পাসের গোলচত্বর শিক্ষার্থীদের আড্ডার অন্যতম আসর। আর একই জায়গায় গড়ে উঠেছে কুকুরের আশ্রয়স্থল। গোলচত্বর ছাড়াও ক্যাম্পাসের বাসস্ট্যান্ড, চেতনা-৭১, ফুডকোর্ট, ছাত্রীহল রোড, এক কিলোরোড, ক্যাম্পাসের অভ্যন্তরের যাত্রী-ছাউনিসহ বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে কুকুর দলবদ্ধভাবে ঘোরাফেরা করে। ফলে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চলাফেরা করা সংশ্লিষ্টদের জন্য আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে।

একাধিক শিক্ষার্থী ও কর্মচারী জানান, সম্প্রতি ক্যাম্পাসে অনেক কুকুরের আনাগোনা দেখা যাচ্ছে। শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। অনেকেই কুকুর দেখলে ভয় পান। ফলে মুক্তভাবে চলাফেরা করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী, ফ্লাক্সে চা বিক্রেতা, ইলেক্ট্রিশিয়ান অজয় কুমারসহ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের কামড়ের শিকার হন। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কুকুর লালন পালন করেন বলেও জানা যায়।

সর্বশেষ রোববার (৪ ডিসেম্বর) কুকুরের কামড়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের স্টাফ ক্যান্টিনের পরিচালক মো. কবির হোসেনের বাবা মো. ফজলু মিয়া। তাকে হাসপাতালে নেয়া হয়েছে 

কবির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১ এর সামনে রোববার সকালে তার বাবার হাঁটুর নিচে কুকুরে কামড় দেয়। তিনি দৌড়ে ক্যান্টিনে আসেন। পরে তাকে সিলেটের সদর হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ক্যাম্পাসে কুকুর লালন পালন করেন শিক্ষার্থীরা। কুকুর মারা ছাড়া তো কোনো উপায় নেই। কুকুর মারলে শিক্ষার্থীরা উত্তেজিত হয় । আমরা উভয় সংকটে আছি। তবে নিরাপত্তা প্রহরীদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!