মাভাবিপ্রবিতে ক্লাস শুরু, নবীনবরন ২২ জানুয়ারি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গুচ্ছভুক্ত ২০২১-২০২২ সেশনের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে রোববার (১৫ জানুয়ারি)। তবে কেন্দ্রীয়ভাবে একাডেমিক ভবন ৩ এর সামনে এই সেশনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি (রোববার)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ মেধাতালিকা শেষে ৮২০ আসনের বিপরীতে ভর্তি হয়েছিলেন মাত্র ৪২৩ জন। ভর্তিকৃত ৪২৩ শিক্ষার্থী নিয়েই ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো।
তবে সপ্তম মেধাতালিকায় (মাইগ্রেশনসহ ও মাইগ্রেশন বাদে) ১৮ ও ১৯ জানুয়ারি প্রয়োজনীয় সনদ জমা দিয়ে ও নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি করা হবে। সপ্তম মেরিটের সিট বাকি রেখে ২২২ সিটে ভর্তির জন্য জরুরী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে তাদের ভাইবা ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারি নেওয়া হচ্ছে। যার ফলাফল পাওয়া যাবে ১৭ জানুয়ারি (মঙ্গলবার)। মেধাতালিকা অনুসারে ১৮ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস ১৫ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হয়েছে। ক্লাস শুরুর দিন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষকদের পরামর্শে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করে নিজেদের গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরা সৌভাগ্যবান যে অনেকের সঙ্গে ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ।
প্রসঙ্গত, মাভাবিপ্রবিতে কেন্দ্রীয়ভাবে নবীনবরন ও অরিয়েন্টেশন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পরে অনুষ্ঠিত হয়নি। প্রায় চার বছর পরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশনের আয়োজন কেন্দ্রীয়ভাবে করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।