একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ৮ দিন বাড়ল
২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। ২০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলার কথা থাকলেও বর্তমানে ২৮ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৮ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো। শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd) গিয়ে উল্লেখিত দিন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, আগামী ২৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের এক নির্দেশনায়- স্ব স্ব শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত তথ্য ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে অনলাইনে পাঠাতে অনুরোধ জানানো হয়।